নিখোঁজের দুইদিন পর রিকশাচালকের লাশ উদ্ধার

যশোরে নিখোঁজের দুইদিন পর এক রিকশাচালকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে যশোর-মাগুরা সড়কের সার গোডাউনের পাশের একটি ছোট্ট গর্ত থেকে তার লাশ উদ্ধার করা হয়।

নিহত রিকশাচালক বাদশা মিয়া (৬৭) যশোর শহরের শংকরপুর চোপদারপাড়া আকবরের মোড় এলাকার মজিদ মিয়ার ছেলে।

নিহতের ছেলে রাসেল এবং রমজান জানান, তাদের বাবা রিকশা চালাতেন। অন্যান্য দিনের মতো গত রোববার তার ব্যাটারিচালিত রিকশা নিয়ে বাড়ি থেকে বের হন তিনি। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। অনেক খোঁজাখুঁজির পর তাকে পাওয়া না যাওয়ায় থানায় অভিযোগ করা হয়। পুলিশ সোমবার যশোর-বেনাপোল সড়কের গাজীর দরগাহ এলাকা থেকে বাবার রিকশাটি ব্যাটারিবিহীন অবস্থায় উদ্ধার করে। পরে সকালে জানতে পারেন যশোর মাগুরা-সড়কের পাশে তাদের বাবার লাশ পড়ে আছে।

নিহতের আত্মীয় তাইজুল ইসলাম জানান, নিখোঁজের একরাত একদিন পর স্থানীয়দের দেওয়া তথ্য অনুযায়ী এসে তারা বাদশা মিয়ার মরদেহ শনাক্ত করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন জানান, রিকশাচালক বাদশা মিয়ার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এর সাথে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে এবং এ হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে বলেও জানান তিনি।