নছিমন ও মোটরসাইকেলের সংঘর্ষে গৃহবধূ নিহত

নড়াইলের লোহাগড়া উপজেলায় নছিমনের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নামে এক গৃহবধূ নিহত এবং তার স্বামী ও দুই সন্তান আহত হয়েছেন। মঙ্গলবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের তেলিগাতি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত গৃহবধূ রিপা আক্তার (৩০) উপজেলার শালনগর এলাকার আতাউর রহমান শিশিরের স্ত্রী। দুর্ঘটনায় শিশির ও তাদের দুই শিশুসন্তান আমেনা (৪) ও আনাস (৩) গুরুতর আহত হয়েছেন। আহতদের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা জানায়, সকালে শিশির ও রিপা তাদের বাচ্চাদের নিয়ে শালনগর এলাকার নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে লাহুড়িয়া ইউনিয়নের সরশুনা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে তেলিগাতি এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা নছিমনের সাথে তাদের মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলেই নিহত হন রিপা। এ ঘটনায় শিশির ও তাদের দুই শিশু সন্তান গুরুতর আহত হয়েছেন।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মৃতদেহ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পর নছিমনের চালক পালিয়ে গেছেন।

দুর্ঘটনা কবলিত নছিমন ও মোটরসাইকেল পুলিশি হেফাজতে নেয়া হয়েছে এবং এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।