গরু চুরির সন্দেহে গণপিটুনিত নিহত এক

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের বাদুরগাছা গ্রামে গরু চুরির অভিযোগে স্থানীয় জনতার গণপিটুনিতে অজ্ঞাতনামা এক ব্যক্তি নিহত হয়েছেন। একই ঘটনায় গুরুতর আহত হয়েছেন অপর এক অভিযুক্ত চোর। নিহত ও আহত দুজনের পরিচয় জানাতে পারেনি পুলিশ ।

শনিবার ভোর সাড়ে চারটার দিকে এই গণপিটুনির ঘটনা ঘটে। আহত ব্যক্তিকে শনিবার সকাল ১০টার দিকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাদুরগাছা গ্রামের বাসিন্দা বিধবা নিলুফা ইয়াসমিন গভীর রাতে ঘরে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক ৩টার দিকে তিনি জেগে উঠে দেখতে পান তাঁর ঘরের দরজায় বাইরে থেকে শিকল বা তালা দেয়া রয়েছে। কোনো অঘটন বুঝতে পেরে তিনি চিৎকার করে প্রতিবেশীদের ডাকাডাকি করেন।

পরবর্তীতে স্থানীয়রা এসে দরজা খুলে দিলে তিনি গোয়ালঘরে গিয়ে দেখতে পান যে তাঁর দুটি গরুর মধ্যে একটি উধাও হয়ে গেছে। এরপর গ্রামের বাসিন্দারা সংঘবদ্ধ হয়ে নিখোঁজ গরুটির সন্ধানে তল্লাশি শুরু করেন। খোঁজাখুঁজির একপর্যায়ে একটি গরুর সন্ধান পাওয়ার পাশাপাশি চোর সন্দেহে দুই ব্যক্তিকে চিহ্নিত করা হয়। জনতা ধাওয়া করে দুজনকে আটক করে এবং উন্মত্ত হয়ে গণপিটুনি দেয়।

গণপিটুনির স্থানেই একজন মারা যান। খবর পেয়ে কালীগঞ্জ থানা পুলিশ ভোরে ঘটনাস্থলে পৌঁছে দুজনকে উদ্ধার করে। আহত ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সকাল ১০টার দিকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকবির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহত-আহত দুজনের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি, তাদের নাম-পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। পুলিশ ঘটনার সুষ্ঠু তদন্ত করছে এবং ময়নাতদন্তের প্রতিবেদন ও চিকিৎসার অগ্রগতি অনুযায়ী পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।