বাগেরহাটের ফকিরহাটে ট্রাকের সাথে মোটরসাইকেলের সংঘর্ষে বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন মা ও ছেলে। বৃহস্পতিবার রাতে খুলনা-বাগেরহাট মহাসড়কের পিলজংগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ব্যবসায়ী সোহেল ফরাজী (৩৭) এবং তার মেয়ে নওরীন আক্তার (৫)। আহত হয়েছেন- সোহেলের স্ত্রী মিনি আক্তার (৩২) এবং ছেলে নওসীন ফরাজী (১০)।
সোহেল ফরাজীর বাড়ি বাগেরহাট শরনখোলা উপজেলার খুনতাকাটা গ্রামে।
কাটাখালী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, রাতে পরিবার নিয়ে মোটরসাইকেলে যাওয়ার পথে দুর্ঘটনায় ফরাজী এবং তার মেয়ে মারা যান। এ ঘটনায় আহত দুইজনকে স্থানীয়রা উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেছেন।
পুলিশ ট্রাকটি জব্দ করেছে এবং এর চালককে আটক করেছে। অভিযুক্ত শাজাহান সরদার (৩৮) সাতক্ষীরা জেলার সদর উপজেলার কাশেমপুর গ্রামের বাসিন্দা।