সাতক্ষীরায় ডাম্প ট্রাকে পিষ্ট হয়ে এক কৃষি কর্মকর্তা নিহত হয়েছেন। সোমবার রাত ৯টার দিকে সদরের ত্রিশমাইল এলাকায় এই সড়ক দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তির নাম নীলকণ্ঠ সরকার (৪৫)। তিনি খুলনার ডুমুরিয়া উপজেলা সদরের বিশ্বনাথ সরকারের ছেলে। নীলকণ্ঠ সদর উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা হিসাবে কর্মরত ছিলেন।
জাহিদ হোসেন নামে এক প্রত্যক্ষদর্শী জানান, নীলকণ্ঠ মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরার দিকে যাচ্ছিলেন। ওই এলাকায় পৌঁছানোর পর মোটরসাইকেলের চাকা পিছলে তিনি পড়ে যান। এসময় পেছনে থাকা একটি ডাম্প ট্রাক তাকে পিষ্ট করে চলে যায়। গুরুতর আহত অবস্থায় সদর হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান।
সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ মহিদুল ইসলাম সাংবাদিকদের জানান, দুর্ঘটনায় দুমড়েমুচড়ে যাওয়া মোটরসাইকেল উদ্ধার করে পাটকেলঘাটা থানায় রাখা হয়েছে। মরদেহ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনি ব্যবস্থা নেওয়া হবে।