সাতক্ষীরায় মন্দিরগুলোতে জোরেশোরে চলছে পূজার প্রস্তুতি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সাতক্ষীরার মন্দিরগুলোতে জোরেশোরে চলছে প্রস্তুতি। প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় কাটাচ্ছেন কারিগররা। তবে তারা বলছেন, এবার উপকরণের দাম ও চাহিদা বাড়লেও প্রতিমার দাম বাড়েনি। ফলে বিপাকে পড়েছেন তারা।

সাতক্ষীরার মন্দিরগুলোতে খড়, কাঠ, সুতা আর মাটি দিয়ে দেবী দুর্গার প্রতিমা, বাহন, কার্তিক গণেশসহ পূজার বেদি তৈরিতে ব্যস্ত শিল্পীরা।

প্রথম পর্যায়ের কাজ শেষ হলেই শুরু হবে রং তুলির আঁচড়। তবে সব কষ্ট উপেক্ষা করে দেবীর আগমনে খুশি ভক্তরা।

প্রতিমা শিল্পীরা জানান, এবার বিভিন্ন উপকরণের দাম ও চাহিদা বাড়লেও বাড়েনি প্রতিমার দাম। তবে চলতি বছর প্রতিমার চাহিদা গত বছরের তুলনায় বেশি।

পূজা উদযাপন পরিষদের নেতারা আশা করেন, উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অসাম্প্রদায়িক দেশ গঠনে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই পূজায় অংশ নেবে।

সাতক্ষীরা জেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বিশ্বনাথ ঘোষ বলেন, আমরা গত বছর নির্বিঘ্নে বিশেষ করে সাতক্ষীরা জেলায় আমরা পূজা অর্চনা করেছিলাম। আমি আশা করি এবারও সেভাবে নির্বিঘ্নে মণ্ডপে কোনো ঝুঁকি ছাড়া আমরা পূজা অর্চনা করতে সক্ষম হবো।

উৎসবের সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে মণ্ডপের নিরাপত্তায় অতিরিক্ত ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন সাতক্ষীরার পুলিশ সুপার।

পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান বলেন, প্রত্যেক অফিসার বিভিন্ন থানায় বিভিন্ন পূজা মণ্ডপগুলো পরিদর্শন করবে। পাশাপাশি যে স্বেচ্ছাসেবী সংগঠনগুলো আছে তাদের ডিউটিগুলো সবসময় পর্যবেক্ষণ করবে।

এবার সাতক্ষীরা জেলার সাত উপজেলায় ৬০১টি মণ্ডপে পূজার আয়োজন করা হবে।