যশোরে যুবলীগ নেতাকে বাড়ির সামনে হত্যা

যশোরের মণিরামপুরে উদয় শংকর বিশ্বাস (৪২) নামে এক শিক্ষক ও যুবলীগ নেতাকে বাড়ির সামনে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

নিহত উদয় শংকর বিশ্বাস উপজেলার নেহালপুর ইউনিয়নের পাচাঁকড়ি গ্রামের মৃত রঞ্জিত বিশ্বাসের ছেলে। তিনি নেহালপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি এবং টেকারঘাট মাধ্যমিক বালিকা উচ্চবিদ্যালয়ের সভাপতি এবং নেহালপুর স্কুল অ্যান্ড কলেজের প্রভাষক।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) বেলাল হোসাইন বলেন, আনুমানিক সকাল সাতটার দিকে উদয় শংকর টেকারহাট থেকে বাজার করে ফেরার পথে বাড়ির সামনেই সড়কে তাকে হত্যা করা হয়।

তিনি জানান, স্থানীয়রা হঠাৎ গুলি শব্দ পেয়ে দৌড়ে ঘটনাস্থলে আসেন। তারা গুলিবিদ্ধ উদয় শংকরকে মোটরসাইকেলসহ রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন।

মুমূর্ষু অবস্থায় উদয় শংকরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয় বলে জানিয়েছেন মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মনিরুজ্জামান।

এদিকে অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন বলেন, এ বিষয়ে তদন্ত অব্যাহত আছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ দিলে নিয়মিত মামলা রুজু করা হবে।