ঝিনাইদহে স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী নিহত

ঝিনাইদহে পারিবারিক কলহের জেরে স্বামীর ছুরিকাঘাতে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় তাৎক্ষণিক ঘাতককে আটক করেছে পুলিশ।

সোমবার বিকেল তিনটার দিকে সদর উপজেলার পাগলাকানাই ইউনিয়নের কোরাপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নারীর নাম নীলা খাতুন। তিনি ওই গ্রামের শরিফুল ইসলামের মেয়ে। আটক স্বামীর নাম রানা হোসেন। তিনি জেলার শৈলকুপা উপজেলার ভগবাননগর গ্রামের বাসিন্দা হলেও ঘরজামাই হিসেবে স্ত্রীর বাড়িতে থাকতেন।

ঝিনাইদহ সদর থানার অফিসার ইনচার্জ শাহিন উদ্দিন জানান, এক বছর আগে ওই দম্পতির বিয়ে হয়। তাদের মধ্যে কলহ ছিল। সোমবার বিকেলে কথা কাটাকাটির এক পর্যায়ে স্বামী রানা স্ত্রীকে ছুরি দিয়ে আঘাত করে। পরে পরিবারের লোকজন টের পেয়ে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, ঘটনার পর পরই পুলিশ ঘাতক স্বামী রানাকে পাগলাকানাই এলাকা থেকে আটক করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।