চালের আড়তে যুবকের মরদেহ, পরিবারের দাবি টাকা না পেয়ে হত্যা

যশোরে জেলা সদরে একটি চালের আড়ত থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি, আড়তের মালিক বাড়ি থেকে ডেকে নিয়ে পাওনা টাকা না পেয়ে তাকে হত্যা করেছে। নিহতের শরীরে আঘাতে চিহ্ন ছিল বলেও জানান তারা।

সোমবার ভোর তিনটার দিকে যশোর কোতোয়ািল থানার অদূরে একটি চালের আড়ত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আড়তটির মালিকার নাম মুল্লুক চাঁদ। তিনি নগর বিএনপির সভাপতি।

নিহতের নাম বায়জদি হাসান (৩০)। খুলনা সিটি কর্পোরেশনের বানরগাটি এলাকার নজরুল ইসলামের ছেলে বায়জিদ বিএনপি নেতা মল্লুক চাঁদের ঢাকা অফিসের কর্মী ছিলেন।

যশোরের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান বলেন, নৈশ প্রহরীদের কাছ থেকে তথ্য পেয়ে এক যুবকের মরদেহ উদ্ধার করে। পরে জানা যায় তার নাম বায়োজিদ। তিনি পেশায় ইঞ্জিনিয়ার এবং মল্লুক চাঁদের ঢাকা অফিসে কর্মরত ছিলেন। 

মায়ের বরাত দিয়ে পুলিশ জানায়, বায়জিদের কাছে পাঁচ লাখ ৫৪ হাজার টাকা পেতো তার প্রতিষ্ঠান। ওই টাকার জন্য রোববার তাকে খুলনা থেকে ডেকে আনা হয়। তাদের দাবি, এরপর টাকা আদায়ের জন্য তাকে মারপিট এবং মৃত্যু নিশ্চিত করতে চিকিৎসা না দিয়ে চালের আড়তে ফেলে রাখা হয়েছিল। তার শরীরে একাধিত আঘাতের চিহ্ন রয়েছে। 

অতিরিক্ত পুলিশ সুপার বলেন, পাওনা টাকা নিয়ে একটি বিরোধের তথ্য পেয়েছি। তবে কী কারণে এবং কারা এ হত্যায় জড়িত তা শনাক্তে তদন্ত চলছে। দ্রুতহত্যায় জড়িতদের শনাক্ত ও আটক করা সম্ভব হবে। মরদেহ যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।