কুষ্টিয়ায় আলাদা দুর্ঘটনায় পানিতে ডুবে দুই ভাই-বোনসহ তিন শিশুর মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে জেলার কুমারখালী উপজেলা ও সদরে দুটি দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো- কুমারখালীর জয়নাবাদ গ্রামের আলমগীর হোসেনের ছেলে শাহেদ আলী (৮) ও তার ফুফাতো বোন শেরকান্দী গ্রামের মো. শামীমের মেয়ে তানজিদা আফরিন শেফা (১৩) এবং কুষ্টিয়ার জিয়ারখী এলাকার নজরুল ইসলামের ছেলে আলিফ (৩) নামে এক শিশু।
পরিবারের বরাত দিয়ে কুষ্টিয়া মডেল থানার এসআই মোস্তাফিজুর রহমান জানান, কুমারখালী উপজেলার জয়নাবাদ গ্রামে দুপুরে গড়াই নদীতে গোসল করতে নেমে শাহেদ পানিতে তলিয়ে যায়। এসময় শেফা তাকে খোঁজার চেষ্টা করলে সেও পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা এসে পানির নিচ থেকে দুই জনকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।
তিনি জানান, পরিবারের অভিযোগ না থাকায় দুইটি মহদেহ আইনি প্রক্রিয়া শেষে পরিবারে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে কুষ্টিয়ার জিয়ারখী এলাকার নজরুল ইসলামের ছেলে আলিফ (৩) নামে এক শিশু খেলতে গিয়ে পুকুরে ডুবে মারা গেছে।