প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে দেখা করেছেন শৈলকুপা উপজেলা আওয়ামী লীগের নেতারা। রোববার দুপুরের পর গণভবনে এ সৌজন্য সাক্ষাৎ হয়।
এ সময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য শেখ হেলাল উদ্দীন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান বিশ্বাস, সাধারণ সম্পাদক এম আব্দুল হাকিম আহমেদ, জেলা আওয়ামী লীগের সহসভাপতি নজরুল ইসলাম দুলাল বিশ্বাস ও শৈলকুপা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শিকদার ওয়াহিদুজ্জামান ইকু।
বৈঠক শেষে শৈলকুপা উপজেলা চেয়ারম্যান এম আব্দুল হাকিম আহমেদ বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে আমাদের প্রায় ঘণ্টাব্যাপী আলোচনা হয়েছে। শৈলকুপার রাজনীতির বিভিন্ন বিষয় নিয়ে কথা হয়েছে।
তিনি বলেন, আমাদের আসনে সংসদীয় উপনির্বাচনে নৌকার প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সামনে উপজেলা নির্বাচন। প্রধানমন্ত্রী বলেছেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোনো ধরনের বিশৃঙ্খলার চেষ্টা করলে কাউকেই ছাড় দেয়া হবে না।
আর আওয়ামী লীগকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতেও প্রধানমন্ত্রী ও দলীয়প্রধান নির্দেশ দিয়েছেন বলে জানান আব্দুল হাকিম।