নারীর মৃত্যুর পর পুলিশের মুখে কুলুপ, নির্যাতনের অভিযোগ

যশোর পুলিশের হেফাজতে থাকা এক নারী মারা গেছেন। স্বজনদের দাবি, মিথ্যা অভিযোগ আটক ও নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে। তবে পুলিশের কেউ এ ব্যাপারে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে রাজি হয়নি।

রোববার বেলা সাড়ে ১১টার দিকে জেলার অভয়নগর উপজেলায় এ ঘটনা ঘটে। পুলিশের হেফাজতে থাকা ওই নারী হাসপাতালে নেওয়ার পথে মারা যান।

তার নাম আফরোজা বেগম (৪০)। তিনি উপজেলার নওয়াপাড়া মহাশ্মশান নর্থ বেঙ্গল রোডের জলিল মোল্লার স্ত্রী।

পরিবার অভিযোগ, অভয়নগর থানার এসআই শিলন ও শামছু শনিবার দিবাগত রাত ১২টার দিকে তাদের বাড়িতে যায়। এরপর নিজেদের কাছে থাকা ইয়াবা ট্যাবলেট দিয়ে তাকে আটক দেখায় এবং মারপিট করে। পরে রাত একটার দিকে থানায় নিয়ে যায়। 

তারা জানান, সকালে থানায় গিয়ে দেখতে পারেন তিনি খুব অসুস্থ। পুলিশকে অনুরোধ করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা কয়েকটি টেস্ট দিলেও পুলিশ সদস্যরা সেগুলো করতে না দিয়ে আবারও থানায় নিয়ে যায়। এরপর আরও অসুস্থ হয়ে পড়লে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে আসার পথে তার মৃত্যু। 

তাদের আরও অভিযোগ, পুলিশ তাদের ঘরে থাকা ইজিবাইক বিক্রির এক লাখ ৮০ হাজার টাকা নিয়ে গেছে। নির্যাতনের আগে দুই লাখ টাকা ঘুষ দাবি করা হয়েছে। 

যশোর জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসক আব্দুস সামাদ জানান, ওই নারীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। ময়নাতদন্ত ছাড়া মৃত্যুর কারণ বলা সম্ভব নয়।

এদিকে হাসপাতলে উপস্থিত পুলিশের কর্মকর্তারা কেউ এ বিষয়ক বক্তব্য দিতে রাজি হননি।