আন্দোলনের মুখে ছুটি নিয়ে ঝিনাইদহ ছাড়লেন ডিসি 

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনসহ বিভিন্ন ছাত্র সংগঠনের আন্দোলনের মুখে তিনদিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়েছেন ঝিনাইদহের জেলা প্রশাসক এসএম রফিকুল ইসলাম।

রোববার দুপুরে জেলা প্রশাসকের দুর্নীতি, দলীয়করণ, ঘুষ বাণিজ্য ও অন্তর্বর্তী সরকারের তথ্য পাচারের অভিযোগ এনে ছাত্ররা জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করে। 

ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা জেলা প্রশাসকের বিরুদ্ধে সুনির্দিষ্ট দুর্নীতির অভিযোগ তুলে ধরেন। ছাত্রদের তোপের মুখে রফিকুল ইসলাম তিনদিনের ছুটি নিয়ে কর্মস্থল ছেড়ে যান।

jhenaidah1

পরে ছাত্ররা পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে অবস্থান নেন। সেখানে পুলিশ সুপার আজীম-উল-আহসানের সাথে কথা বলে সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মীর আবিদুল ইসলাম ও এসআই ফরিদ হোসেনকে সরিয়ে দেওয়ার আহ্বান জানান। পুলিশ সুপার তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে ছাত্র নেতাদের আশ্বাস দেন।

এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ঝিনাইদহের সমন্বয়ক আবু হুরায়রা, সাইদুর রহমান, এলমা খাতুন, রত্না খাতুন, জেলা ছাত্রদলের সভাপতি এসএম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, ইবি ছাত্রদলের আহ্বায়ক শাহেদ আহমেদসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।