মাত্র সাড়ে তিন ঘণ্টায় ঢাকা থেকে খুলনায় এসেছে পরীক্ষামূলক একটি ট্রেন। রোববার সকাল ৯টা ১০ মিনিটে ঢাকা থেকে ছেড়ে আসা পরীক্ষামূলক ট্রেনটি দুপুর ১২টা ৪০ মিনিটে খুলনা রেলওয়ে স্টেশনে এসে পৌঁছায়। ডিসেম্বরের প্রথম সপ্তাহে পদ্মা সেতু দিয়ে নতুন এই রুটে খুলনা-ঢাকা রুটে চলাচল করবে ‘সুন্দরবন এক্সপ্রেস’ ট্রেন।
পরীক্ষামূলক ট্রেনটি খুলনায় পৌঁছালে ট্রেনে থাকায় রেলওয়ের সচিব ও মহাপরিচালকসহ অন্য কর্মকর্তাদের স্বাগত জানান খুলনা রেলের কর্মকর্তারা।
রেলওয়ের কর্মকর্তারা জানান, মঙ্গলবার ছাড়া সপ্তাহের বাকি ছয় দিন রাত ৯টা ৪৫ মিনিটে সুন্দরবন এক্সপ্রেস ট্রেন খুলনা থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
তারা জানান, বর্তমানে পোড়াদহ, ফরিদপুর, রাজবাড়ি, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় পৌঁছাতে সময় লাগে প্রায় আট ঘণ্টা। ডিসেম্বরের প্রথম সপ্তাহ থেকে খুলনা থেকে নওয়াপাড়া, সিঙ্গিয়া, নড়াইল, পদ্মবিলা, কাশিয়ানি, ভাঙ্গা হয়ে পদ্মা সেতু দিয়ে ঢাকায় যাবে এই ট্রেন। এতে সময় লাগবে মাত্র সাড়ে তিন ঘণ্টা। অর্থাৎ বর্তমানের তুলনায় সময় কমবে সাড়ে চার ঘণ্টা।