যশোরে বিয়ে প্রস্তাব প্রত্যাখ্যান করায় নারী, শিশুসহ তিন জনের ওপর এডিস ছুড়েছেন এক যুবক। দগ্ধদের যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তাদের আট বছরের একটি শিশুর অবস্থা গুরুতর।
বৃহস্পতিবার (৩ জুলাই) রাত সাড়ে আটটার দিকে জেলার ঝিকরগাছা উপজেলার গদখালী ইউনিয়নের মঠবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
আহতরা হলেন- ওই গ্রামের জামাত হোসেনের স্ত্রী রাহেলা বেগম (৪৮), ছেলে ইয়ানূর রহমান (৮) ও মেয়ে রিপা খাতুন (২৬)।
আহতদের পরিবার জানায়, ফজলুর রহমানের বাড়িতে কাজ করতেন জসিম। তিনি দীর্ঘদিন ধরে রিপাকে বিয়ের প্রস্তাব দিয়ে আসছিলেন। কিন্তু রিপা তার প্রস্তাব প্রত্যাখ্যান করে। এতে ক্ষুব্ধ হয়ে জসিম জানালা দিয়ে রিপাকে লক্ষ্য করে এসিড ছোড়ে। এতে তিন জন দগ্ধ হয়। পরিবারের সদস্যরা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে যান। সেখান থেকে চিকিৎসক যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করেন।
যশোর জেনারেল হাসপাতালের মেডিক্যাল অফিসার জুবায়ের আহমেদ বলেন, এসিডের শিশু ইয়ানূরের পাসহ বিভিন্ন জায়গা দগ্ধ হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। এ ছাড়া তার মা ও বোনের শরীরের আংশিক দগ্ধ হয়েছে। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।