ঝিনাইদহে সেফটিক ট্যাঙ্কে মিললো নিখোঁজ শিশুর বস্তাবন্দী মরদেহ

ঝিনাইদহে নিখোঁজের একদিন পর চার বছরের এক শিশুর বস্তাবন্দী মরদেহ সেফটিক ট্যাঙ্ক থেকে উদ্ধার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সকালে জেলার কালীগঞ্জ উপজেলার বাদুড়গাছা গ্রামের আব্দুল জব্বার মাধ্যমিক বিদ্যালয়ের সেফটিক ট্যাংক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত শিশুটির নাম তাবাসুসুম (৪)। সে মহেশপুর উপজেলার ভৈরবা এলাকার নজরুল ইসলামের মেয়ে।

স্থানীয়রা জানায়, শিশুটির পরিবার বারবাজার এলাকার বাদেডিহি গ্রামে ভাড়া থাকেন। বাবা নজরুল হোসেন স্থানীয় একটি দর্জির দোকানের কর্মচারী ও মা হালিমা খাতুন ওয়েব ফাউন্ডেশনে চাকরি করেন।

পরিবারের সদস্যরা জানায়, বুধবার দুপুর আড়াইটার পর থেকে শিশুটি নিখোঁজ ছিলো। বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যায়নি। সকালে বাদুড়গাছা গ্রামের এক কৃষক ওই বিদ্যালয়ের পেছন দিক দিয়ে মাঠে যাওয়ার সময় একটি রক্তাক্ত বস্তা দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে বস্তা খুলে মরদেহ উদ্ধার করে এবং ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠায়।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন বলেন, শিশুটিকে হত্যা করে বস্তায় ভরে সেফটিক ট্যাংকে ফেলে রাখা হয়েছে। দ্রুত এই হত্যায় জড়িতদের আইনের আওতায় আনার জন্য তদন্ত শুরু হয়েছে।