মালিকের খামখেয়ালিতে চলন্ত বাসে আগুন, অর্ধশতাধিক যাত্রী অল্পের জন্য রক্ষা

যশোরে যান্ত্রিক ত্রুটি নিয়ে চলা একটি যাত্রীবাহী বাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বাসটি ছাড়ার আগে চালক ত্রুটির কথা জানালেও মালিকপক্ষের জোরাজুরিতে সেটি নিয়ে রওনা হতে বাধ্য হন তিনি। মাঝপথে চলন্ত বাসে দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। তবে ভেতরে থাকা অর্ধশতাধিক যাত্রী অল্পের জন্য প্রাণে রক্ষা পান। 

শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে যশোর-নড়াইল মহাসড়কের ফতেপুর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, দুপুরের পর যশোরের মনিহার এলাকা থেকে ‘নড়াইল এক্সপ্রেস’ নামের বাসটি অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়। যশোর সদর উপজেলার ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসের ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় বিকট শব্দে বাসটি বন্ধ হয়ে গেলে আতঙ্কিত যাত্রীরা দ্রুত জানালা ও দরজা দিয়ে বাইরে বেরিয়ে আসেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততোক্ষণে বাসটি পুড়ে প্রায় কঙ্কালে পরিণত হয়।

যশোর কোতোয়ালি মডেল থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে বাসটি ছাড়ার আগেই চালক বাসটির ত্রুটির কথা মালিকদের জানিয়েছিলেন। কিন্তু মালিকপক্ষ তা আমলে না নিয়ে উল্টো চালককে বাস নিয়ে রওনা দিতে চাপ দেয়।

কাজী বাবুল ইসলাম আরও বলেন, মালিকপক্ষের এই চরম অবহেলার বিষয়টি পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করেছে। দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

অগ্নিকাণ্ডের ঘটনার পর কিছুক্ষণ যানবাহন চলাচল বন্ধ থাকলেও বর্তমানে যশোর-নড়াইল মহাসড়কে চলাচল স্বাভাবিক রয়েছে।