ঝিনাইদহে দুই বাসের চাপায় হকার ও নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দিনমজুর নিহত

ঝিনাইদহের কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে এক হকার এবং নরসিংদী শহরে ট্রেনের ধাক্কায় এক দিনমজুর নিহত হয়েছেন। রোববার (১২ এপ্রিল) আলাদা সময়ে এই দুর্ঘটনা দুটি ঘটে।

ঝিনাইদহে বাস চাপায় হকারের মৃত্যু

ঝিনাইদহ প্রতিনিধি জানান, জেলার কালীগঞ্জে দুই বাসের মাঝে চাপা পড়ে উসমান আলী (৬৫) নামে এক হকারের মৃত্যু হয়েছে। রোববার বিকেল সাড়ে তিনটার দিকে কালীগঞ্জ শহরের মেইন বাসস্ট্যান্ডে এই দুর্ঘটনা ঘটে। নিহত উসমান কালীগঞ্জ পৌরসভার হেলাই গ্রামের বাসিন্দা।

কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ জেল্লাল হোসেন ও প্রত্যক্ষদর্শীরা জানান, উসমান আলী বাসস্ট্যান্ডে বিভিন্ন গাড়িতে পণ্য বিক্রি করতেন। বিকেলে দাঁড়িয়ে থাকা শাপলা পরিবহনের একটি বাসের পাশ দিয়ে যাওয়ার সময় পেছন থেকে আসা আরেকটি বাস তাকে ধাক্কা দেয়। এতে দুই বাসের মাঝখানে চাপা পড়েন তিনি। স্থানীয়রা উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নরসিংদীতে ট্রেনের ধাক্কায় দিনমজুরের মৃত্যু

নরসিংদী প্রতিনিধি জানান, জেলা শহরের দগরিয়া এলাকায় রেললাইন পারাপারের সময় উপকূল এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় আলী নূর (৫৬) নামে এক দিনমজুর নিহত হয়েছেন। বিকেল সাড়ে পাঁচটার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত আলী নূর নেত্রকোণার মদনপুর এলাকার হামিদ হোসেনের ছেলে। জীবিকার সন্ধানে মাত্র ২-৩ দিন আগে তিনি নরসিংদীতে এসেছিলেন।

রেলওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বিকেলে দগরিয়া এলাকায় রেললাইন পার হচ্ছিলেন আলী নূর। এ সময় নোয়াখালীগামী আন্তঃনগর 'উপকূল এক্সপ্রেস' ট্রেনের ধাক্কায় তিনি ঘটনাস্থলেই প্রাণ হারান।

নরসিংদী রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই দিলীপ চন্দ্র সরকার জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। প্রাথমিকভাবে পরিচয় নিশ্চিত না হওয়া গেলেও পরবর্তীতে পিবিআইয়ের সহায়তায় তার পরিচয় শনাক্ত করা হয়। নিহতের পরিবারের সাথে যোগাযোগ করা হচ্ছে এবং এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।