ঝিনাইদহে এনসিপি নেতাদের বিরুদ্ধে ছাত্রদলের পাল্টা মামলা

ঝিনাইদহে জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব তারেক রেজাসহ ২২ নেতাকর্মীর নাম উল্লেখ করে মামলা দায়ের করেছে ছাত্রদল। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে। শুক্রবার (২২ মে) রাতে ছাত্রদলের নেতাকর্মীদের বিরুদ্ধে এনসিপির পক্ষ থেকে মামলা দায়েরের পর শনিবার (২৩) দুপুরে এই পাল্টা মামলা করা হলো।

দুপুরে ঝিনাইদহ সদর থানায় জেলা ছাত্রদলের সদস্য ও সাবেক সহসভাপতি এনামুল কবির বাদি হয়ে মামলাটি দায়ের করেন।

স্থানীয়রা জানান, শুক্রবার দুপুরে শহরের পুরাতন কালেক্টরেট জামে মসজিদে জুমার নামাজ শেষে বাইরে বের হওয়ার পর এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। হামলায় সংগঠনটির বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এ ঘটনার প্রতিবাদে এবং জড়িতদের গ্রেপ্তারের দাবিতে শুক্রবার দুপুর থেকে রাত ৯টা পর্যন্ত ঝিনাইদহ সদর থানায় অবস্থান নেন এনসিপির নেতাকর্মীরা।

পরবর্তীতে এই হামলার ঘটনায় ছাত্রদলের নেতাকর্মীদের অভিযুক্ত করে রাতেই থানায় একটি মামলা দায়ের করে এনসিপি। মামলা প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর শুক্রবার রাতেই পুলিশের পাহারায় ঝিনাইদহ ত্যাগ করেন নাসীরুদ্দিন পাটওয়ারীসহ কেন্দ্রীয় নেতারা। এর ২৪ ঘণ্টার ব্যবধানে আজ দুপুরে এনসিপি নেতাকর্মীদের আসামি করে পাল্টা এই মামলা দায়ের করলো ছাত্রদল।