মালিকের লাঠির আঘাতে প্রাণ হারালেন ভাড়াটিয়া

খুলনা মহানগরীতে বাড়িভাড়া সংক্রান্ত বিষয় নিয়ে কথা-কাটাকাটির জেরে বাড়ির মালিকের লাঠির আঘাতে রকিবুল ইসলাম নামের এক ভাড়াটিয়া নিহত হয়েছেন। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে জিজ্ঞাসাবাদের জন্য অভিযুক্ত বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করেছে সোনাডাঙ্গা থানা-পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সন্ধ্যায় নগরীর সোনাডাঙ্গা থানাধীন বসুপাড়া বকুলতলা শতরুপার মোড় এলাকায় ভাড়ার হিসাব ও এ সংক্রান্ত বিষয় নিয়ে বাড়ির মালিক মজলিস খানের সঙ্গে ভাড়াটিয়া রকিবুল ইসলামের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়। একপর্যায়ে কথাকাটাকাটি চরমে পৌঁছালে ক্ষিপ্ত হয়ে বাড়ির মালিক মজলিস খান হাতে থাকা ভারী লাঠি দিয়ে সজোরে রকিবুলের মাথায় আঘাত করেন।

আঘাতের মাত্রা এতটাই তীব্র ছিল যে রকিবুল সঙ্গে সঙ্গে গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। পরে স্থানীয় লোকজন দ্রুত তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তাঁর মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোনাডাঙ্গা থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) আল মিরাজ খান জানান, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

এএসআই আরও জানান, এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে অভিযুক্ত বাড়ির মালিক মজলিস খান ও তাঁর স্ত্রী ফাতেমা বেগমকে আটক করে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।