মোংলা বন্দরের পশুর নদীতে একটি তেলবাহী ট্যাঙ্কারের ধাক্কায় ১২০০ টন কয়লা বোঝাই করে ডুবে গেছে ‘এমভি ফুলবাড়ী’ নামের একটি কার্গো জাহাজ। তবে জাহাজে থাকা ৯ জন স্টাফ নিরাপদে বেঁচে গেছেন।
সোমবার (২৬ অক্টোবর) গভীর রাতে সুন্দরীকোঠা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাকবলিত কার্গো জাহাজের স্টাফেরা জানান, মোংলা বন্দরের হিরণ পয়েন্টে অবস্থানরত বিদেশি বাণিজ্যিক জাহাজ ‘এমভি ইয়াস জুপিটার’ থেকে কয়লা বোঝাই করে মোংলার উদ্দেশে আসছিলো ‘এমভি ফুলবাড়ী’। পথে পশুর চ্যানেলের সুন্দরীকোঠা এলাকায় পৌঁছালে ‘এমটি জান্নাতুল ফেরদৌস’ নামের অপর একটি তেলবাহী ট্যাংকার কার্গোটিকে ধাক্কা দেয়। এতে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়ে কয়লা নিয়ে পশুর নদীতে ডুবে যায় এমভি ফুলবাড়ী। দুর্ঘটনাগ্রস্ত জাহাজটি আইআরএস ইন্টারন্যাশনালের মালিকানাধীন। জাহাজটির ঢাকার বাদামতলায় কয়লা খালাস করার সিডিউল ছিলো।
এদিকে আকস্মিক এ দুর্ঘটনায় জাহাজে থাকা ৯ জন স্টাফ দ্রুত সাঁতরে পাশের আরেকটি কার্গো জাহাজে উঠতে সক্ষম হন। ফলে বড়ো ধরনের প্রাণহানির ঘটনা এড়ানো গেছে।
সৌভাগ্যবশত, কার্গো জাহাজটি পশুর চ্যানেলের মূল চ্যানেলের বাইরে ডুবে যাওয়ায় প্রধান নৌপথ সম্পূর্ণ নিরাপদ রয়েছে।
এ বিষয়ে মোংলা বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ শফিকুল ইসলাম সরকার জানান, পশুর চ্যানেল সম্পূর্ণ নিরাপদ রয়েছে এবং এই চ্যানেল দিয়ে সব ধরনের নৌযান চলাচল স্বাভাবিক রাখা হয়েছে। ইতিমধ্যে মালিকপক্ষকে দ্রুত ডুবে যাওয়া জাহাজটি অপসারণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।