যথাযোগ্য মর্যাদা ও নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে ঝিনাইদহে পালিত হয়েছে মহান মুক্তিযুদ্ধের বীর সন্তান বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী হামিদুর রহমানের ৫৫তম শাহাদাতবার্ষিকী।
বুধবার (২৮ অক্টোবর) সকালে শহরের কেন্দ্রীয় বাস টার্মিনালে বীরশ্রেষ্ঠের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
মুক্তিযোদ্ধা সংসদ, গণতান্ত্রিক যুক্তফ্রন্ট, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মী ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
পরে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জেলা প্রশাসক নোমান হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এই সভায় বক্তব্য দেন জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মজিদ মাস্টার, সাবেক কমান্ডার মো. কামালুজ্জামান, জেলা পরিষদের প্রধান নির্বাহী সেলিম রেজা, অতিরিক্ত পুলিশ সুপার শেখ বিল্লাল হোসেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা এবং বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ভাতিজা হাফিজুর রহমানসহ আরও অনেকে।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শ্রেষ্ঠ সন্তান বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় এক বিশেষ দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া মাহফিলে দেশের সব প্রয়াত ও যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে তাদের আত্মার শান্তি ও কল্যাণ কামনা করা হয়।