দুবলার চরে সাগরে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধারে কোস্টগার্ড ও বন বিভাগ

পূর্ব সুন্দরবনের দুবলার চরের আলোরকোল এলাকায় সাগরে গোসল করতে নেমে রিয়াজ নামের এক পর্যটক নিখোঁজ হয়েছেন। শুক্রবার (৬ নভেম্বর) বিকেল তিনটার দিকে সাগরের পানিতে নেমে সাঁতার কাটার সময় প্রবল স্রোতে তিনি ভেসে যান।

নিখোঁজ পর্যটক রিয়াজের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা সম্ভব হয়নি।

কোস্টগার্ড ও স্থানীয় জেলে সূত্রে জানা যায়, পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরার শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশন থেকে শুক্রবার সকালে পাস নিয়ে হিরন পয়েন্ট ও নীলকমল হয়ে ‘ইকো ট্যুরিজম’ নামের একটি লঞ্চে ২০ জনের একটি পর্যটক দল দুবলার চরের আলোরকোলে পৌঁছে। দুপুরে পৌঁছানোর পর তাঁদের মধ্যে তিনজন পর্যটক সাগরের পানিতে গোসল করতে নামেন। এ সময় সাগরের তীব্র স্রোতের তোড়ে রিয়াজ তলিয়ে যান। তার সঙ্গে থাকা অন্য দুইজন রিয়াজকে বাঁচাতে আপ্রাণ চেষ্টা করেও ব্যর্থ হন। পরবর্তীতে অন্য দুইজন নিরাপদে তীরে উঠতে সক্ষম হন।

দুবলার আলোরকোল রামপাল জেলে সমিতির সভাপতি মোতাসিম ফরাজী বলেন, তিনজন পর্যটক বিকেলে সাগরে নামলে পানির প্রবল চাপে রিয়াজ ভেসে যায়। অন্য দুইজন তাকে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়ে তীরে উঠে আসে।

খবর পেয়ে কোস্টগার্ড ও বন বিভাগের সদস্যরা নিখোঁজ পর্যটককে উদ্ধারে তল্লাশি অভিযান শুরু করেন। শুক্রবার গভীর রাত পর্যন্ত উদ্ধার তৎপরতা চালানো হলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় কর্মকর্তা (ডিএফও) হাসানুর রহমান জানান, বুড়িগোয়ালিনী স্টেশন থেকে পাস নেওয়া পর্যটকবাহী লঞ্চটি দুবলার চরে পৌঁছানোর পর এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করা হয়েছে।

বিআরটিসি ও কোস্টগার্ডের পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফট্যানেন্ট মো. আবুল কাসেম জানান, নিখোঁজ পর্যটককে উদ্ধারে কোস্টগার্ডের একটি দল সাগরে অভিযান চালিয়ে যাচ্ছে।

পূর্ব সুন্দরবনের দুবলা ফরেস্ট অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, সাগরে নেমে নিখোঁজ হওয়া পর্যটক রিয়াজকে উদ্ধারে কোস্টগার্ড ও বন বিভাগ যৌথভাবে কাজ করছে।