বাগেরহাটের একটি বাগান থেকে আনুমানিক ২২ বছর বয়সী এক তরুণীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ নভেম্বর) সকালে জেলার রামপাল উপজেলারমিরাখালী রনসেন এলাকার একটি বাগান থেকে ওই মরদেহ উদ্ধার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে পুলিশ নিহত ওই নারীর নাম-পরিচয় জানাতে পারেনি।
রামপাল থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান জানান, স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে পুলিশ রনসেন এলাকার একটি বাগান থেকে অজ্ঞাতপরিচয় ওই তরুণীর মরদেহ উদ্ধার করে। নিহতের পরনে সালোয়ার-কামিজ রয়েছে। তার শরীরে দৃশ্যমান কোনো আঘাতের চিহ্ন না থাকলেও গলায় ওড়না পেঁচানো অবস্থায় পাওয়া গেছে।
পুলিশের প্রাথমিক ধারণা, অন্য কোথাও ওই তরুণীকে হত্যা বা কোনোভাবে মৃত্যুর পর দুর্বৃত্তরা তার মরদেহ এনে এই বাগানে ফেলে রেখে গেছে। মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি অপরাধ তদন্ত বিভাগ সিআইডিও কাজ করছে।
নিহতের পরিচয় শনাক্ত ও ঘটনার আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।