বাগেরহাটের মোল্লাহাটে একটি মাদ্রাসাসংলগ্ন মসজিদের ইমাম ও মক্তবের শিক্ষকের বিরুদ্ধে একাধিক শিশু শিক্ষার্থীকে বলাৎকার ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে এবং ভুক্তভোগী শিশুদের পরিবার ও স্থানীয়রা অভিযুক্তের দৃষ্টান্তমূলক বিচার দাবি করেছেন। মামলা দায়েরের পর অভিযুক্ত পলাতক রয়েছেন।
অভিযুক্ত ওই শিক্ষকের নাম মাফিজ খন্দকার (২৬)। তিনি উপজেলার চরকুলিয়া মহিলা দাখিল মাদ্রাসা কম্পাউন্ডের মসজিদে ইমামতি করার পাশাপাশি মক্তবে শিশুদের পড়াতেন।
ভুক্তভোগী এক শিশুর মা অভিযোগ করে জানান, অভিযুক্ত ইমাম তার শিশু ছেলেকে বলাৎকার করেছেন। তার অভিযোগ, আরও অনেক শিশু একইভাবে এই নির্যাতনের শিকার হয়েছে। এমনকি অভিযুক্ত ব্যক্তি নিজে নির্যাতনের পাশাপাশি এক শিশুকে দিয়ে অন্য শিশুর ওপরও একই ধরনের অপরাধ করিয়েছেন। তিন দিন আগে তার ছেলেসহ দুই শিশুকে নির্যাতনের সময় স্থানীয় শিশুরা তাকে হাতেনাতে আটক করে। এরপর বিষয়টি নিয়ে স্থানীয়ভাবে সালিশের উদ্যোগ নেওয়া হলে ঘটনাটি প্রকাশ্য আসে। এই ঘটনার পর অভিযুক্তের স্বজনরা ভুক্তভোগী পরিবারকে হত্যার হুমকি দিয়েছেন বলেও অভিযোগ করেন তিনি।
ভুক্তভোগী আরেক শিশুর চাচা ও অন্য একটি মসজিদের ইমাম হাফেজ বাবুল খন্দকার বলেন, কোনো আলেমের দ্বারা এমন জঘন্য অপরাধ কোনোভাবেই কাম্য নয়। মোল্লাহাটের ইমামদের পক্ষ থেকেও এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
মসজিদের সাধারণ সম্পাদক সাইফুল সরদার জানান, শিশু-কিশোররা মাফিজ হুজুরকে হাতেনাতে আটক করার পর তাকে মোবাইল ফোনে তওবা করার সুযোগ দেওয়ার অনুরোধ জানানো হয়েছিলো। খবর পেয়ে তিনি মসজিদে গিয়ে দেখেন ছেলেরা তাকে আটকে রেখেছে। পরে ছেলেদের সরিয়ে দিলে অভিযুক্ত ব্যক্তি নিজের অপরাধ স্বীকার করেন। এরপর থেকে তাকে মসজিদে আসতে নিষেধ করা হয়।
সাইফুল সরদার আরও জানান, অভিযুক্তের বিচারের দাবিতে গত মঙ্গলবার মসজিদে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে সালিশ বৈঠক অনুষ্ঠিত হয়। তবে অভিযুক্ত ব্যক্তি সেই বৈঠকে উপস্থিত না হয়ে বিষয়টি ভিন্নভাবে প্রভাবিত করার চেষ্টা করছেন। মসজিদ কমিটির সভাপতি সিকদার নাসির উদ্দিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও এ ঘটনার নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি করেছেন। তবে এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত মাফিজ খন্দকারের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি।
এ বিষয়ে মোল্লাহাট থানার অফিসার ইনচার্জ মো. শাহাদৎ হোসেন জানান, এ ঘটনায় মোল্লাহাট থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্ত আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।