পুণ্যস্নানে শেষ হলো দুবলার চরের তিন দিনের রাস উৎসব

বাগেরহাটের সুন্দরবনের দুবলার চরে সাগরে পুণ্যস্নানের মধ্য দিয়ে শেষ হয়েছে সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহ্যবাহী তিন দিনের রাস উৎসব। 

মঙ্গলবার (২৪ নভেম্বর) ভোরে প্রথম জোয়ারে সাগরের নোনা জলে নানা বয়সের নারী-পুরুষ পুণ্যস্নানে অংশ নেন। এরপর বন বিভাগের নির্ধারিত পাঁচটি রুট দিয়ে লঞ্চ ও ট্রলারযোগে ফিরতে শুরু করেন পুণ্যার্থীরা।

এর আগে সোমবার (২৩ নভেম্বর) রাতভর দুবলার চরের অস্থায়ী মন্দিরে ভগবান শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, আরতি, আরাধনা, পুষ্পাঞ্জলি ও ধর্মীয় অনুষ্ঠানসহ নানা আচার পালন করা হয়।

পুণ্যার্থীদের বিশ্বাস, রাস উৎসবের পূর্ণ তিথিতে সাগরের নোনা জলে স্নান করলে ইহকালের সব পাপ মোচন হয়। এই বিশ্বাস নিয়ে প্রতিবছর লোকালয় থেকে প্রায় ১০০ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মোহনায় দুবলার চরে ছুটে আসেন হাজারো মানুষ।

উৎসবে অংশ নেওয়া কয়েকজন পুণ্যার্থী জানান, নিজেদের ও পরিবারের সুখ-শান্তি এবং পুণ্যের আশায় তারা দুবলার চরে এসেছেন। রাতভর প্রার্থনা শেষে ভোরের প্রথম জোয়ারে স্নানের মধ্য দিয়ে পাপ মোচনের পাশাপাশি দেশবাসীর মঙ্গল কামনা করেছেন তারা।

রাস উৎসব উদ্‌যাপন কমিটির সাধারণ সম্পাদক প্রদীপ বসু সন্তু জানান, এবার প্রায় ১০ হাজার পুণ্যার্থী রাস উৎসবে যোগ দিয়েছেন। এছাড়া শুঁটকি মৌসুমে দুবলার চরে আগে থেকে অবস্থানরত ১০ হাজার জেলের অধিকাংশই উৎসবে অংশ নেন। সব মিলিয়ে প্রায় ২০ হাজার মানুষের সমাগম ঘটে।

উৎসব উদ্‌যাপন কমিটি ও দুবলা ফিশারমেন গ্রুপের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কামাল উদ্দিন আহমেদ বলেন, উৎসবমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে তিন দিনব্যাপী ঐতিহ্যবাহী এই উৎসব শেষ হয়েছে। পুণ্যস্নানের পর পুণ্যার্থীরা নিরাপদে ফিরছেন।

সুন্দরবনের দুবলা জেলেপল্লি টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা খলিলুর রহমান জানান, মঙ্গলবার ভোরে প্রথম জোয়ারে পুণ্যস্নান শেষে সকাল ছয়টার দিকে লঞ্চ ও ট্রলারযোগে পুণ্যার্থীরা নির্ধারিত পাঁচটি রুট দিয়ে গন্তব্যে রওনা হন।

সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী জানান, দেশের বিভিন্ন এলাকা থেকে ৯ হাজার ১১১ জন পুণ্যার্থী ৪২৬টি লঞ্চ ও ট্রলারযোগে গত রোববার বিকেলে দুবলার চরে যোগ দেন। শান্তিপূর্ণভাবে উৎসব শেষ হয়েছে এবং নির্ধারিত রুট দিয়ে পুণ্যার্থীরা ফিরে আসছেন। 

তিনি আরও জানান, পুণ্যার্থীদের নিরাপত্তায় বন বিভাগের পাশাপাশি পুলিশ, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), নৌ পুলিশ, নৌবাহিনী ও কোস্টগার্ডের সদস্যরা সার্বক্ষণিক টহল ও নিরাপত্তার দায়িত্ব পালন করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ২০০ বছর ধরে সুন্দরবনের দুবলার চরে এই রাস উৎসব অনুষ্ঠিত হয়ে আসছে। এখানে শ্রীকৃষ্ণের পূজা-অর্চনা, আরতি ও ধর্মীয় আচারের পাশাপাশি গাজীকালুর পূজাও করা হয়। ঐতিহাসিক ও লোকশ্রুতি অনুযায়ী, সুন্দরবনে রাস উৎসবের প্রবর্তক হিসেবে মতুয়া গুরু, সন্ন্যাসী হরিজন ও রাজা প্রতাপাদিত্যের নাম প্রচলিত রয়েছে।