শেরপুরে তক্ষকসহ তিনজন গ্রেপ্তার

শেরপুরে দুইটি তক্ষকসহ বন্যপ্রাণী চোরাচালান চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। বুধবার রাতে উপজেলার রাজনগর ইউনিয়নের টেংরাখালী মোড় থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, রংপুরের মিঠাপুকুর উপজেলার পাটকৃষ্ণপুর গ্রামের রুহুল আমিন মণ্ডল (৫২), কাউনিয়া উপজেলার নাজিরদহ গ্রামের আবু সায়েম (৪৭) ও ফরিদপুরের মধুখালী উপজেলার রাজাপুর গ্রামের আশরাফুল ইসলাম (৪২)। তারা সবাই ঢাকাতে বসবাস করেন।

বৃহস্পতিবার দুপুরে শেরপুর পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার (এসপি) মোনালিসা বেগম।

এসপি জানান, জেলা ডিবি পুলিশের পরিদর্শক আব্দুল কাদের মিয়ার নির্দেশনায় এসআই আবু রকর সিদ্দিকের নেতৃত্বে ডিবি পুলিশের একটি দল বুধবার রাতে মাদক-বিরোধী অভিযানে নালিতাবাড়ী উপজেলায় অবস্থান করছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে বিলুপ্তপ্রায় বন্যপ্রাণী তক্ষক চোরাচালানের খবর পেয়ে উপজেলা টেংরাখালি মোড়ে অভিযান চালায়। অভিযানে স্থানীয় আরিফ হাজির দোকানের সামনে থেকে চোরাকারবারির হোতা রুহুল আমিন, আবু সায়েম ও আশরাফুলকে গ্রেপ্তার করা হয়।

বন্যপ্রানী সংরক্ষণ আইনে তক্ষক ধরা, কেনা ও বিক্রি করা অপরাধ। 

পুলিশ সুপার আরও জানান, তক্ষক চোরাকারবারি একটি চক্র বিভিন্ন বনাঞ্চল তক্ষক সংগ্রহ করে উচ্চমূল্যে ভারতীয় হারবাল ওষুধ তৈরির প্রতিষ্ঠানে বিক্রি করে থাকে। ১৮ ইঞ্চির একেকটি তক্ষক ১০ থেকে ২০ লাখ টাকায় বিক্রি করেন তারা। গ্রেপ্তার ব্যক্তিরা দীর্ঘদিন ধরে তক্ষক কেনাবেচা করে আসছে।

তাদের বিরুদ্ধে নালিতাবাড়ী থানায় বন্যপ্রাণী সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে। একইদিন বিকেলে গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে পাঠানো হয়েছে।