বিএনপির ছয় নেতাকর্মী গ্রেপ্তার, ককটেল উদ্ধার

শেরপুরের ঝিনাইগাতীতে নাশকতা পরিকল্পনার অভিযোগে বিএনপির ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় উদ্ধার করা হয়েছে ১৪টি ককটেল ও ১২টি পেট্রোল বোমা।

বৃহস্পতিবার বিকেলে গ্রেপ্তারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে। বুধবার রাতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- ঝিনাইগাতী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান রুবেল, মালিঝিকান্দা ওয়ার্ড বিএনপির সভাপতি মমিন মেম্বার, মালিঝিকান্দা ইউনিয়ন ছাত্রদলের সহ-সভাপতি আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা মিজান, সাজল ও মোস্তফা।

পুলিশ জানায়, ঝিনাইগাতী উপজেলার বনগাঁও বাজারের কাছে অন্তত ৬৭ জন নাশকতা পরিকল্পনা করছিলেন। সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ছয়জনকে আটক করে।

এ ঘটনায় জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেলসহ ৪২ জনের নাম উল্লেখ করে এবং ২৫ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক আইনে মামলা হয়েছে।

জেলা বিএনপির সভাপতি মাহমুদুল হক রুবেল অভিযোগ করে বলেন, বিএনপির নেতাকর্মীদের বাড়ি থেকে উঠিয়ে নিয়ে মিথ্যা মামলা দেয়া হচ্ছে।

ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল আলম ভূঁইয়া জানান, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।