সেচপাম্পের সুইচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কৃষকের মৃত্যু

শেরপুরে ধানের ক্ষেতে সেচ দেয়ার জন্য সেচপাম্পের সুইচ দিতে দিয়ে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। বুধবার সকালে সদর উপজেলার কামারেরচর ইউনিয়নের ফয়াস্তিরচর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত কৃষক সাদা মিয়া (৪০) ওই ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামের বাহাদুর আলী ছেলে। তিনি দুই মেয়ে ও দুই ছেলে সন্তানের পিতা।

নিহতের পরিবার ও পুলিশ জানায়, সাদা মিয়া তার বাড়ির পাশে ধান ক্ষেতে সেচ দিতে যান। এসময় বৈদ্যুতিক পাম্প চালু করতে সুইচ দিতে গিয়ে আগে থেকেই সুইচটি বিদ্যুতায়িত হয়ে থাকা সুইচে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। 

স্থানীয় ইউপি সদস্য হারুন অর রশীদ জানান, অল্প জমি চাষ ও ভাড়ায় মোটরসাইকেল চালিয়ে সংসারের সব খরচ বহন করতেন সাদা মিয়া। তার স্ত্রী ও চার সন্তানের জন্য এখন সংসারের ব্যয়ভার বহন করা কষ্টকর হয়ে যাবে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বছির আহম্মেদ বাদল জানান, তার মৃত্যুর খবর পেয়েই পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ দাফনের জন্য আবেদন করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে বলেও জানান তিনি।