দুই মোটরসাইকেল সংঘর্ষে প্রাণ গেল চালকের

শেরপুরের শ্রীবরদীতে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন।

সোমবার বিকেলে উপজেলার বকচর গ্রামের শ্রীবরদী-ভায়াডাঙ্গা রাস্তার ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আল-আমিন (৪৫) ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের কাংশা গ্রামের লাল মিয়ার ছেলে।

আহতরা হলেন- শ্রীবরদী উপজেলার চককাউরিয়া গ্রামের মালেক মিয়ার ছেলে আব্দুল্লাহ (৩০) ও কুড়িপাড়া গ্রামের দেলোয়ার হোসেনের ছেলে মামুন (২৮)।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে আল-আমিন শ্রীবরদী থেকে মোটরসাইকেলে ঝিনাইগাতি যাওয়ার পথে বকচর ব্রিজ সংলগ্ন এলাকায় ভ্যান ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যান আল-আমিন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাইয়ুম খান জানান, এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।