জামালপুরে কাঠবাগান থেকে কৃষকের মরদেহ উদ্ধার

জামালপুরে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজের কয়েক ঘণ্টা পর দেড় কিলোমিটার দূরের কাঠবাগান থেকে এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১১টার দিকে বাড়ি থেকে বেরোবার পর বুধবার ভোরে সদরের শীতলকুর্শা নয়াপাড়ায় তার মরদেহ পাওয়া যায়।

নিহত কৃষক শফিকুল ইসলাম (৪০) সদর উপজেলার গোদাশিমলা মোল্লাবাড়ী গ্রামের জয়নাল উদ্দিন মোল্লার পুত্র। 

পুলিশ ও নিহতের পরিবার জানায়, বুধবার রাত ১১টায় মোবাইলে ফোন পেয়ে বাড়ি থেকে বের হন শফিকুল। এরপর থেকে তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিলো না। পরে বুধবার ভোরে বাড়ি থেকে দেড় কিলোমিটার দুরে শীতলকুর্শা নয়াপাড়ায় একটি কাঠবাগানে তার মরদেহ পাওয়ার খবর পাওয়া যায়।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মহব্বত কবীর জানান, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠিয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।