শেরপুরে মধ্যরাতে এক এসএসসি পরীক্ষার্থীকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে। এ ঘটনায় পুলিশ জিজ্ঞাসাবাদে চার তরুণকে আটক করেছে।
রোববার মধ্যরাতে জেলার শ্রীবরদী উপজেলার দহেরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শিক্ষার্থীর নাম বিপ্লব (১৬)। সে জামালপুরের বকশিগঞ্জ উপজেলার দড়িপাড়ার কাবিল মিয়ার ছেলে।
বিপ্লব শ্রীবরদীর দহেরপাড় এলাকায় নানা আব্দুল মজিদের বাড়িতে থাকতো এবং স্থানীয় মোহাম্মদ আলী মেমোরিয়াল বিদ্যানিকেতনে থেকে এবার এসএসসি পরীক্ষা দিচ্ছিলো।
শ্রীবরদী থানার অফিসার ইনচার্জ কাইয়ুম খান সিদ্দিকী জানান, রোববার রাতে মামদামারি কান্দাপাড়া ইবতেদায়ী মাদ্রাসায় ওয়াজ শুনতে আসে বিপ্লবসহ তার বন্ধু আরিফ, মোখলেসসহ কয়েকজন। ওয়াজ চলাকালে তাদের সঙ্গে বিপ্লবের কথা কাটাকাটি হয়। পরে বাড়ি ফেরার পথে আরিফ ও তার সহযোগীরা বিপ্লবকে ছুরিকাঘাতে আহত করে। বাড়ির লোকজন তাকে প্রথমে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন থাকাবস্থায় ভোরে সে মারা যায়।
তিনি জানান, ঘটনার পর অভিযান চালিয়ে আরিফ, মোখলেস, মনির ও ডিপটিকে আটক করা হয়েছে।