জামালপুর জেলা কারাগারে দুই পক্ষের সংঘর্ষ, অগ্নিসংযোগ ও ফটক ভেঙে পালানোর চেষ্টার ঘটনায় গুলিবিদ্ধ আরও এক হজতির মৃত্যু হয়েছে। এ নিয়ে ওই ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো সাত।
শনিবার ভোরে জামালপুর জেনারেল হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত কয়েদির নাম মাসুদ ওরফে খাটা মাসুদ। তিনি জেলা শহরের বনপাড়া এলাকার বাসিন্দা ছিলেন।
কারাগারের জেলার আবু ফাতাহ জানান, বৃহস্পতিবার দুপুরে কারাগারের ভেতরে বন্দিদের দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে ছয় জন নিহত হন। এ ঘটনায় জেলার, তিন কারারক্ষীসহ আরও আট জন আহত হয়। তাদের জামালপুর জেনারেল হাসপাতাল ও ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনি জানান, বিশৃঙ্খলার সময় বন্দিরা কারাগারের ভেতরের দুইটি ভবন, জেলারের কক্ষ, প্রধান গেটের ভেতরে একটি গেট ভাঙচুর ও আগুন দেয়। সেনাবাহিনী, র্যাব, পুলিশ ও ফায়ার সার্ভিস প্রায় ১৫ ঘণ্টার চেষ্টায় পরিস্থিতি করে।
জামালপুর জেলা কারাগারে ৬৬৯ জন বন্দির মধ্যে সাজা পাওয়া ১০০ জন রয়েছেন বলেও জানান জেলার আবু ফাতাহ।
এদিকে কারাগারের ক্ষতিগ্রস্ত ফটক ও ভেতরে অন্য ভবনগুলো দ্রুত মেরামতের জন্য গণপূর্ত বিভাগ কাজ শুরু করেছে বলেও জানান তিনি।