নিখোঁজের পাঁচদিন পর মরদেহ মিললো ধানখেতে

শেরপুরের শ্রীবরদীতে এক ইজিবাইক চালকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যায় উপজেলার গোশাইপুর ইউনিয়নের গিলাগাছা-কুচনিপাড়া সড়কের ব্রিজের পাশে একটি ধানখেত থেকে দেহটি উদ্ধার করা হয়।

নিহত শহিদ মিয়া (১৮) নালিতাবাড়ী উপজেলার নন্নী এলাকার অলি মাহমুদের ছেলে।

স্থানীয় সূত্রে পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর শহিদ মিয়া ব্যাটারিচালিত ইজিবাইক নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। পরে সোমবার বিকেলে মরদেহটি ধান খেতে পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

শ্রীবরদী থানার ওসি আনোয়ার জাহিদ জানান, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে।