ঐতিহ্যবাহী ময়মনসিংহ জিলা স্কুল ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তিতে ‘সিলভার জুবলী প্রোগ্রাম’ আয়োজনের আনুষ্ঠানিক ঘোষণা এবং কমিটি প্রকাশ করা হয়েছে। আগামী ২৫ এবং ২৬ ডিসেম্বর -২০২৫ দুইদিনব্যাপী ময়মনসিংহ জিলা স্কুল ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি রজতজয়ন্তী অনুষ্ঠান পালনের সিদ্ধান্ত নিয়েছেন আয়োজকেরা।
১০ মে ময়মনসিংহ জিলা স্কুলের প্রধান শিক্ষকের কার্যালয়ে এ বিষয়ে আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর ঘোষণা দেয়া হয়। জিলা স্কুল ২০০০ ব্যাচের প্রাক্তন ছাত্র ও বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড় মাহমুদউল্লাহ রিয়াদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল ২০০০ ব্যাচের ২৫ বছর পূর্তি আয়োজনের ব্যাপারে বর্তমান প্রধান শিক্ষকের সাথে দেখা করেন এবং স্কুলের বর্তমান ও প্রাক্তন শিক্ষকদের সাথে মতবিনিময় করেন। একই সাথে সকলের উপস্থিতিতে ‘সিলভার জুবলী প্রোগ্রামে’র আয়োজক কমিটি এবং সাব কমিটি ঘোষণা করা হয়।
ব্যাচের ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের মূল আয়োজক কমিটিতে জিলা স্কুলের বর্তমান প্রধান শিক্ষক মো. আব্দুস সালামকে প্রধান উপদেষ্টা, ক্রিকেটার মাহমুদউল্লাহ রিয়াদকে প্রেসিডেন্ট এবং মো. হাবিব উল্লাহ বাবুকে জেনারেল সেক্রেটারি প্রস্তাব করে সংশ্লিষ্ট কমিটিগুলো ঘোষণা করা হয়েছে।
অনুষ্ঠানে ব্যাচটির প্রায় ৩০ থেকে ৪০ জন প্রাক্তন ছাত্র এবং আয়োজক উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানিয়েছেন, আগামী ১ জুন থেকে জিলা স্কুল অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে ‘সিলভার জুবলী প্রোগ্রামে’র রেজিস্ট্রেশন শুরু হবে। একইসাথে অনলাইনে ও অফ-লাইনে ৩১ অক্টোবর পর্যন্ত রেজিস্ট্রেশন করা যাবে।