ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে লিফটের কন্ট্রোলরুমে লাগা আগুনের ঘটনা ঘিরে তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে পদদলিত হয়ে শিশুসহ অন্তত ছয়জনের মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোলরুমে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন।
সন্ধ্যায় লিফটের কন্ট্রোলরুমে আগুন লাগলে রোগী ও স্বজনদের মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় তাড়াহুড়ো করে সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে অনেকেই পদদলিত হন। শিশুসহ আহত হন অন্তত শতাধিক মানুষ।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এরপরই ছয়জনের মৃত্যুর খবরটি নিশ্চিত করে পুলিশ। আর বাকিদের চিকিৎসা দেয়া হচ্ছে।
লিফটের শর্টসার্কিট থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাসপাতালের নতুন এই আটতলা ভবনটিতে আইসিইউ, হৃদরোগ বিভাগ, ডায়ালাইসিস ও শিশু বিভাগসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ওয়ার্ড রয়েছে।
মুরাদনগরে জমি নিয়ে বিরোধে হামলা, ফুফু-ভাতিজা নিহত
চট্টগ্রামে বিদেশিদের পূর্ণাঙ্গ তথ্যভাণ্ডার তৈরির উদ্যোগ, নজরদারি জোরদার