শেরপুরে বিএনপিতে যোগ দিলো বৈষম্যবিরোধীর তিন শতাধিক নেতাকর্মী

শেরপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের (বৈছাআ) প্রধান সমন্বয়ক, পাঁচ সমন্বয়কসহ তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিয়েছেন। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) বিকেলে শহরের রঘুনাথপুরে জেলা বিএনপির কার্যালয়ে এক সাংবাদিক সম্মেলনে এ যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

যোগদানকারীদের ফুল দিয়ে বরণ করেন শেরপুর জেলা বিএনপির যুগ্ম আহবায়ক ও শেরপুর-১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ও সদর উপজেলা বিএনপির আহবায়ক হযরত আলী।

যোগদানকারীদের মধ্যে আছেন জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের প্রধান সমন্বয়ক ও জেলা কমিটির মুখপাত্র ফারহান ফুয়াদ তুহিন, সমন্বয়ক আল মামুন সরকার, সমন্বয়ক ও কমিটির সিনিয়র সংগঠক আরাফাত রহমান তালুকদার, সংগঠক নাহিম আহমেদ নিলয়, কমিটির সিনিয়র যুগ্ম সদস্য সচিব মো. মনিবুল ইসলাম, যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার নাফিস, মো. রাহাত, সদর উপজেলার যুগ্ম আহবায়ক মো. আশিকুর রহমানসহ জেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সক্রিয়কর্মীরা। 

অনুষ্ঠানে ডা. প্রিয়াঙ্কার বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফায় বাংলাদেশ বিনির্মাণে সবকিছু বলা আছে। এই যোগদানের ফলে শেরপুরে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন আরও শক্তিশালী হবে বলে আমার বিশ্বাস।

বিএনপিতে সদ্য যোগদানকৃত ফারহান ফুহাদ তুহিন বলেন, নতুন বাংলাদেশ বিনির্মাণের যে স্বপ্নটা আমরা দেখেছিলাম, সেটি আমরা চেষ্টা করেও বাস্তবায়ন করতে পারিনি। আমরা মনে করি, নতুন বাংলাদেশ গড়ার আমাদের যে স্বপ্নটা ছিলো সেটা তারেক রহমানই পারবেন। তাই আজকে আমরা শেরপুরের প্রায় তিন শতাধিক নেতাকর্মী বিএনপিতে যোগ দিলাম। 

যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সদস্য সচিব সাইফুল ইসলাম, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নিয়ামুল হাসান আনন্দ, জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি মো. হাসিম সিদ্দিকী বাবু, সাধারণ সম্পাদক নাইম হাসান উজ্জ্বল, সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন প্রমুখ।