নেত্রকোনায় বন্যা পরিস্থিতির মিশ্র রূপ, সুনামগঞ্জে স্বস্তি

উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও বৃষ্টিপাতের কারণে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বন্যা পরিস্থিতিতে মিশ্র প্রবণতা দেখা গেছে। নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি কমলেও মগড়া নদীর পানি নতুন করে বেড়েছে। তবে বুধবার (১৫ জুলাই) সকাল থেকে নেত্রকোনায় আবারও থেমে থেমে বৃষ্টি শুরু হওয়ায় নদীতীরবর্তী মানুষের মধ্যে নতুন করে শঙ্কা দেখা দিয়েছে। অন্যদিকে, বৃষ্টিপাত কমে আসায় সুনামগঞ্জের সব নদ-নদীর পানি কমতে শুরু করেছে।

একাত্তরের নেত্রকোনা ও সুনামগঞ্জ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন:

নেত্রকোনায় রোদ ও বৃষ্টির লুকোচুরি, শঙ্কায় নিম্নাঞ্চল

নেত্রকোনায় গত ২৪ ঘণ্টায় উব্দাখালী নদীর পানি সাত সেন্টিমিটার কমেছে। তবে একই সময়ে মগড়া নদীর পানি বেড়েছে পাঁচ সেন্টিমিটার। মঙ্গলবার (১৪ জুলাই) সারাদিন রোদ থাকায় নদীতীরবর্তী এলাকার মানুষ বন্যা পরিস্থিতির উন্নতির আশা করেছিলেন। উব্দাখালী নদীর পানি কিছুটা কমে স্বস্তি ফিরলেও বুধবার (১৫ জুলাই) সকাল থেকে আবারও বৃষ্টি শুরু হওয়ায় সেই স্বস্তি অনেকটাই ম্লান হয়ে গেছে।

পানি উন্নয়ন বোর্ড (পাউবো) জানায়, বর্তমানে কলমাকান্দা পয়েন্টে উব্দাখালী নদীর পানি বিপদসীমার চার সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। 

অন্যদিকে, আটপাড়া পয়েন্টে মগড়া নদীর পানি গত ২৪ ঘণ্টায় পাঁচ সেন্টিমিটার বাড়লেও তা এখনও বিপদসীমার ৫৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো কর্মকর্তারা জানান, নদ-নদীর পানি নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে। আবহাওয়ার পরিস্থিতি ও উজানের ঢলের ওপর নির্ভর করবে আগামী কয়েকদিনের বন্যা পরিস্থিতি। তাই সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্থানীয় বাসিন্দারা বলছেন, টানা বৃষ্টি ব্যাহত হলে এবং উজান থেকে আবারও ঢল নামলে নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই উদ্ভূত পরিস্থিতির দিকে কড়া নজর রাখছেন তারা।

সুনামগঞ্জে কমছে সুরমার পানি, ৪৮ ঘণ্টার মধ্যে স্বস্তির আভাস

সুনামগঞ্জে বৃষ্টিপাত কমে যাওয়ায় কমতে শুরু করেছে জেলার সব নদ-নদীর পানি। উজান ও তৎসংলগ্ন এলাকায় বৃষ্টি কমে আসায় পাহাড় থেকে নেমে আসা ঢলের পানিও নামতে শুরু করেছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় জেলায় মাত্র দুই মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টি কমে যাওয়ায় সুরমা নদীর ছাতক পয়েন্টে পানি হ্রাস পেয়ে বিপদসীমার চার সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমদাদুল হক বলেন, নতুন করে ভারী বৃষ্টি না হলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে নদী তীরবর্তী নিম্নাঞ্চলের বন্যা পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়ে আসবে।