জামালপুরে চোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আহত দুই

জামালপুরে যমুনা নদীতে জাল চুরির সন্দেহে ধাওয়া দিয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে। এই ঘটনায় আরও দুজন গুরুতর আহত হয়েছেন।

শনিবার (১৫ আগস্ট) দুপুরে জেলার ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের বরুল এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতের নাম নুর মোহাম্মদ। তিনি গাইবান্ধা সদর উপজেলার কামারজানি ইউনিয়নের কুন্দেরপাড়া গ্রামের ময়েন শেখের ছেলে। আহত ব্যক্তিরা হলেন- গাইবান্ধার বাটিকামারি এলাকার জাহাঙ্গীর এবং দেওয়ানগঞ্জের বরখাল গ্রামের রফিকুল।

স্থানীয়রা জানান, দুপুরে একটি ছোট নৌকায় করে তিনজন ব্যক্তি যমুনা নদীর বরুল এলাকায় গেলে স্থানীয় জেলেরা তাদের চোর সন্দেহে ধাওয়া করেন। ধাওয়া খেয়ে তারা নৌকা নিয়ে গুঠাইল এলাকায় পৌঁছালে সেখানকার জেলেরাও তাদের পিছু নেন। একপর্যায়ে উলিয়া এলাকায় পৌঁছালে স্থানীয় বাসিন্দারা তাদের তিনজনকে ধরে ফেলেন। সেখানে তাদের বেধড়ক মারধর করা হলে ঘটনাস্থলেই নুর মোহাম্মদের মৃত্যু হয় এবং অপর দুইজন গুরুতর আহত হন।

ইসলামপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান, চোর সন্দেহে পিটুনিতে একজন নিহত ও দুজন আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পাশাপাশি এই ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।