ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের তথ্য সংগ্রহের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল। দুর্নীতি প্রমাণিত হলে প্রয়োজনে তিনি নিজেই বাদি হয়ে মামলা করবেন বলে হুঁশিয়ারি দেন।
বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুরে নেত্রকোণার দুর্গাপুর উপজেলা পরিষদ মিলনায়তনে ফ্যামিলি কার্ড শুমারিতে নিয়োজিত তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
উপকারভোগীদের তালিকা তৈরিতে নিরপেক্ষতার গুরুত্ব তুলে ধরে ডেপুটি স্পিকার বলেন, সরকারের উন্নয়নমূলক ও জনকল্যাণকর এসব কার্ডের সুবিধা যেন একদম স্বচ্ছতার সঙ্গে প্রকৃত কৃষক ও দুস্থ পরিবারের কাছে পৌঁছায়, তা নিশ্চিত করতে হবে। আপনারা দয়া করে দল-মতের ঊর্ধ্বে উঠে তথ্যগুলো সংগ্রহ করবেন।
তথ্য সংগ্রহকারীদের প্রান্তিক পর্যায় থেকে কাজ শুরুর পরামর্শ দিয়ে তিনি আরও বলেন, কাজের সূচনা করবেন একদম সর্বনিম্ন জায়গা থেকে। কুঁড়েঘর বা ছাপড়া ঘর আছে যাদের, সেখান থেকে শুরু করে আস্তে আস্তে ধাপে ধাপে ওপরের দিকে উঠবেন।
মতবিনিময় সভা শেষে ফ্যামিলি শুমারি কাজে নিয়োজিত তথ্য সংগ্রহকারীদের হাতে সরকারি মোবাইল ট্যাব তুলে দেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।