নেত্রকোনায় জারিয়া থেকে ময়মনসিংহগামী লোকাল ট্রেনের একটি বগিতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। একই রাতে সদর উপজেলার কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণ এবং পূর্বধলায় গ্রামীণ ব্যাংকের কার্যালয়ের সামনের রাস্তায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
এছাড়া জেলার বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাদের বাড়ি, মার্কেট ও ব্যবসাপ্রতিষ্ঠানে হামলা, ভাঙচুর ও লুটপাট চালানো হয়েছে। বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের মিছিল ও সড়কে আগুন দেয়ার ঘটনাও ঘটেছে। একের পর এক এসব ঘটনায় জেলাজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। নাশকতা প্রতিরোধে অভিযান চালিয়ে আটজনকে আটক করেছে পুলিশ।
পূর্বধলা রেলস্টেশনের স্টেশন মাস্টার আব্দুল মোমেন জানান, গত রাত ১১টা ২০ মিনিটে জারিয়া লোকাল ট্রেনটি পূর্বধলা স্টেশন থেকে ময়মনসিংহের উদ্দেশে ছেড়ে যায়। পরে রাত আনুমানিক ১২টার দিকে গৌরীপুরের বিসকা স্টেশন এলাকায় পৌঁছালে ট্রেনটির একটি বগিতে আগুন দেয়ার ঘটনা ঘটে। এতে বগিটির কয়েকটি আসন পুড়ে যায়। পরে ট্রেনটি ময়মনসিংহ স্টেশনে পৌঁছায়।
তিনি আরও জানান, আগুনের ঘটনার পর সকাল থেকে ময়মনসিংহ-জারিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। দুপুরের পর নতুন বগি সংযুক্ত করে পুনরায় ট্রেন চলাচল শুরুর কথা রয়েছে।
এদিকে, নেত্রকোনা সদরের কাইলাটি ইউনিয়ন ভূমি অফিসে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয়দের ধারণা, রাত সাড়ে তিনটা থেকে চারটার মধ্যে দুর্বৃত্তরা ভূমি অফিসে ককটেল দুটি বিস্ফোরণ ঘটায়। এতে অফিসের একটি চেয়ারসহ কয়েকটি আসবাবপত্র ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
এ বিষয়ে জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান জানান, বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থল পরিদর্শনে যাচ্ছেন।
