মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের দায় শিক্ষক সাগরের মৃত্যুদণ্ড

নেত্রকোনার মদনে ১২ বছরের এক মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ ও অন্তঃসত্ত্বা করার চাঞ্চল্যকর মামলায় অভিযুক্ত শিক্ষক আমান উল্লাহ মাহমুদী ওরফে সাগরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বুধবার দুপুরে নেত্রকোনা জেলা ও দায়রা জজ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আব্দুছ সালাম এই ঐতিহাসিক রায় ঘোষণা করেন। একই সঙ্গে আদালত নবজাতকের পিতৃপরিচয় নিশ্চিত করে তার যাবতীয় দায়িত্ব রাষ্ট্রকে গ্রহণের নির্দেশ দিয়েছেন।

মাত্র ৬০ দিনের মধ্যে এবং মাত্র ৯ কার্যদিবসে বিচার কার্যক্রম শেষ করে নেত্রকোনার মদনে আলোচিত এই ধর্ষণ মামলার রায় ঘোষণা করা হলো। মামলার বিবরণে জানা যায়, ২০২৫ সালের নভেম্বর মাসে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের পাঁচহাট বড়বাড়ি গ্রামের একটি কওমি মাদ্রাসার শিক্ষক ও পরিচালক আমান উল্লাহ সাগর ১২ বছর বয়সী এক ছাত্রীকে মাদ্রাসায় ডেকে নিয়ে একাধিকবার ধর্ষণ করেন।

Madrasa Rape
পরবর্তীতে ভুক্তভোগী শিশুর শারীরিক পরিবর্তন দেখে পরিবারের সন্দেহ হয় এবং চলতি বছরের এপ্রিলে চিকিৎসকের পরীক্ষায় শিশুটির অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হয়। গত ২৩ এপ্রিল শিশুটির মা বাদী হয়ে মদন থানায় মামলা দায়ের করেন। দেশজুড়ে আলোড়ন সৃষ্টিকারী এই ঘটনার পর গত ৬ মে র‌্যাব প্রধান অভিযুক্ত শিক্ষক সাগরকে ময়মনসিংহের গৌরীপুর থেকে গ্রেপ্তার করে। এরপর গত ২ জুলাই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে শিশুটি একটি কন্যাসন্তানের জন্ম দেয়।

আদালতের নির্দেশে সিআইডির বিশেষ দল নবজাতকের নমুনা সংগ্রহ করে ডিএনএ পরীক্ষা করলে শিক্ষক সাগরের সঙ্গে নবজাতকের ডিএনএ ৯৯ দশমিক ৯৯ শতাংশ মিলে যায়। এর ভিত্তিতে গত ২৬ আগস্ট পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে। গত ২৮ অক্টোবর যুক্তিতর্ক শুনানির সময় আসামি নিজের ১২ শতাংশ জমিসহ সব সম্পত্তি লিখে দেওয়ার বিনিময়ে মুক্তির আকুতি জানালেও আদালত তা নাকচ করে দেন।

রায়ে আদালত প্রধান আসামি আমান উল্লাহ সাগরকে মৃত্যুদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন এবং মামলার অপর আসামি সাগরের ভাই মাইমুন ওরফে মামুনকে খালাস দিয়েছেন। চাঞ্চল্যকর এই রায়ে আদালত বেশ কিছু যুগান্তকারী নির্দেশনা দিয়েছেন। রায়ে ভুক্তভোগী শিশু ও তার জন্ম নেয়া কন্যাসন্তানকে মায়ের সঙ্গে রাখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি নবজাতকের প্রাতিষ্ঠানিক ও সরকারি নথিপত্রে পিতা হিসেবে দণ্ডপ্রাপ্ত শিক্ষক সাগরের নাম ব্যবহারের নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া শিশুটির বিয়ে হওয়া পর্যন্ত তার যাবতীয় ব্যয়ভার রাষ্ট্রকে বহনের নির্দেশ দেওয়া হয়েছে; প্রয়োজনে রাষ্ট্র দণ্ডপ্রাপ্ত আসামির সম্পত্তি বাজেয়াপ্ত করে সেই অর্থ থেকে শিশুটির ভরণপোষণের ব্যবস্থা করতে পারবে।

রায় ঘোষণার সময় বিচারক শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করে আইন করে তা বাধ্যতামূলক করার কথা উল্লেখ করেন। রাষ্ট্রপক্ষে মামলাটি পরিচালনা করেন পিপি অ্যাডভোকেট মো. নুরুল কবির রুবেল এবং আসামিপক্ষে ছিলেন অ্যাডভোকেট মো. আনিসুর রহমান। এই রায়ে সন্তোষ প্রকাশ করে সংশ্লিষ্টরা বলছেন, দ্রুততম সময়ে এমন দৃষ্টান্তমূলক শাস্তি সমাজে অপরাধ প্রবণতা কমাতে বড় ভূমিকা রাখবে।