উচ্চ শব্দ নিয়ে বিরোধে ফয়সাল হত্যায় আলামিন গ্রেপ্তার

নেত্রকোনায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোস্তফা আমির ফয়সাল হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামি আলামিনকে (৩৬) গ্রেপ্তার করেছে এসআরবি-১৪। সোমবার রাত ১১টা ১৫ মিনিটের দিকে নেত্রকোনা সদর উপজেলার কুরপাড় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার নাদিয়া ফারজানা। বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে এসআরবি-১৪-এর ময়মনসিংহ সদর কোম্পানির একটি আভিযানিক দল কুরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা আলামিনকে আটক করতে সক্ষম হয়।

মামলার বিবরণ ও প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, গত ১ জুন রাত সাড়ে ১১টার দিকে নেত্রকোনা সদর উপজেলার উত্তর বিশিউড়া এলাকায় উচ্চ শব্দে সাউন্ড বক্স বাজানোকে কেন্দ্র করে মোস্তফা আমির ফয়সাল, রাব্বি হাসান রবিন এবং আব্দুল্লাহ আল ফাহিম ওরফে সৌরভের সঙ্গে আসামি আলামিন ও তাঁর সহযোগীদের বাগ্‌বিতণ্ডা শুরু হয়। তর্কের একপর্যায়ে আলামিন ও তাঁর সহযোগীরা তাঁদের ওপর অতর্কিত হামলা চালিয়ে বেধড়ক মারধর করে। এতে তাঁরা তিনজনই গুরুতর আহত হন।

হামলার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তাঁদের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। পরদিন ২ জুন রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোস্তফা আমির ফয়সালের মৃত্যু হয়।

এই মর্মান্তিক হত্যাকাণ্ডের ঘটনায় নিহত ফয়সালের বাবা নজরুল ইসলাম বাদী হয়ে গত ৩ জুন নেত্রকোনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধির ১৪৩, ৩২৩, ৩০২, ৩০৭, ৫০৬, ১১৪ ও ৩৪ ধারায় অভিযোগ আনা হয়। ঘটনার পর থেকেই মামলার পলাতক আসামিদের আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি জোরদার করে এসআরবি-১৪। সেই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে আলামিনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আলামিনকে নেত্রকোনা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল খায়ের জানান, সোমবার রাতেই এসআরবি-১৪ আসামিকে থানায় হস্তান্তর করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আজই তাঁকে আদালতে সোপর্দ করা হবে।