নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে চাঁপাইনবাবগঞ্জের তিনটি উপজেলায় মাত্র ছয় মাসের ব্যবধানে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়ার ঘটনায় তীব্র উদ্বেগ ও ক্ষোভ দেখা দিয়েছে। এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে সরকারের তিনটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে স্মারকলিপি দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের মাধ্যমে স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়কে স্মারকলিপি দেয় সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘এ্যাকটিভ ইয়ুথ এ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ-আয়াস’-এর একটি প্রতিনিধি দল। জেলা প্রশাসকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে এই স্মারকলিপি তুলে দেন।
স্মারকলিপি প্রদান শেষে আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান গণমাধ্যমকে জানান, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ জেলায় একটি এনজিওর সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে একাধিকবার কোমলমতি শিক্ষার্থীদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঘটেছে, যা অত্যন্ত উদ্বেগজনক। তিনি বলেন, ভবিষ্যৎ প্রজন্মের স্বাস্থ্য ও জীবন সুরক্ষার স্বার্থে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি। স্কুল ফিডিং কার্যক্রমে যেকোনো ধরনের অনিয়ম প্রমাণিত হলে খাবার সরবরাহকারী এনজিও ‘গাক’-কে কঠোর আইনের আওতায় আনার দাবি জানান তিনি। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখার অনুরোধ জানিয়েই তিনটি মন্ত্রণালয় বরাবর এই পত্র দেওয়া হয়েছে বলে উল্লেখ করেন ওয়ালিদ হাসান।
এ সময় প্রতিনিধি দলে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি ও রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন, শুসমিতা খানম ঐসীসহ জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীরা।
উল্লেখ্য, এর আগেও চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন বিদ্যালয়ে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীরা অসুস্থ হয়ে পড়লে জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। সেসব তদন্ত কমিটির প্রতিবেদনে নিম্নমানের খাবার সরবরাহকারী এনজিও ‘গাক’-এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার স্পষ্ট সুপারিশও করা হয়। কিন্তু অভিযোগ উঠেছে, প্রশাসনের সেই সুপারিশের পরও অদৃশ্য কারণে এখনো পর্যন্ত ওই এনজিওটিই বিদ্যালয়গুলোতে খাবার সরবরাহ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
