টোলের ভাঙতি টাকা ফেরত নিয়ে তর্ক, ধাক্কায় প্রাণ গেলো জুলাইযোদ্ধার

নেত্রকোনায় টোল আদায়কে কেন্দ্র করে তর্কের একপর্যায়ে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার ঘটনায় এক জুলাইযোদ্ধার মৃত্যু হয়েছে। এ ঘটনায় টোল আদায়কারীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৩ নভেম্বর) দুপুরে জেলার মদন উপজেলার পৌর শহরের চকপাড়া মোড়লবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের নাম  আবদুল বারেক (৮৬)। তিনি মদন উপজেলার চানগাঁও ইউনিয়নের চকপাড়া গ্রামের আবদুল গণির ছেলে। ২০২৪ সালের জুলাই আন্দোলনে পুলিশের গুলিতে তার একটি চোখ নষ্ট হয়ে গিয়েছিলো।

আটক টোল আদায়কারীর নাম আতিকুল ইসলাম (১৯)।  

স্থানীয়রা জানান, চিকিৎসার জন্য ময়মনসিংহে গিয়েছিলেন আবদুল বারেক। সেখান থেকে রিজার্ভ সিএনজিচালিত অটোরিকশায় বাড়ি ফেরার পথে চকপাড়া মোড়লবাড়ি এলাকায় পৌরসভার টোল আদায়কারী আতিকুল ইসলাম চালক রায়হানের কাছে ২০ টাকা টোল দাবি করেন। চালকের কাছে খুচরা টাকা না থাকায় আবদুল বারেক এক হাজার টাকার একটি নোট দেন। টোলের টাকা নেওয়ার পর বাকি টাকা ফেরত দেওয়া নিয়ে আতিকুলের সঙ্গে তাঁর তর্ক শুরু হয়। একপর্যায়ে আতিকুল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেন বলে অভিযোগ উঠেছে।

পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মদন থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাহউদ্দিন করিম জানান, এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।