নেত্রকোনার আটপাড়ায় নদীর ঘাটে গোসলের সময় বিরোধের জেরে বাঁশের আঘাতে গুরুতর আহত এক কিশোরের মৃত্যু হয়েছে। মামুন (১৬) নামের ওই কিশোর ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ নভেম্বর) রাতে মারা যায়।
মামুন আটপাড়া উপজেলার ২ নম্বর শুনই ইউনিয়নের গোয়াতলা পশ্চিমপাড়া গ্রামের মৃত কবির মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (২০ নভেম্বর) দুপুরে বাড়ির সামনে মগড়া নদীতে গোসল করতে যায় মামুন। এ সময় অসাবধানতাবশত নদীর ঘাটে পানি জমে কাদার সৃষ্টি হয়। পরে জুমার নামাজের আগে একই ঘাটে ওজু করতে যান স্থানীয় আব্দুল জব্বার (৫২)। কাদায় পিছলে পড়ে যাওয়াকে কেন্দ্র করে মামুনের সঙ্গে তাঁর কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে দুজনের মধ্যে ঝগড়া ও মারামারি শুরু হলে আব্দুল জব্বার বাঁশ দিয়ে মামুনের মাথায় আঘাত করেন বলে অভিযোগ রয়েছে।
গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা মামুনকে প্রথমে আটপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে তাঁকে নেত্রকোনা সদর আধুনিক হাসপাতাল, সেখান থেকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল এবং সবশেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
আটপাড়া থানার ওসি (তদন্ত) প্রদীপ কুমার চক্রবর্তী জানান, শনিবার রাতে ওই কিশোরের মৃত্যুর খবর পেয়েছে পুলিশ। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহতের মা ঢাকা থেকে ফিরে মামলা করবেন বলে জানিয়েছেন। অভিযুক্তকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।
