নওগাঁর ধামইরহাটে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ দুই কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। বৃহস্পতিবার রাতে জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি দল উপজেলার আবাদপুর গ্রামের একটি বাড়ি থেকে তাদের গ্রেফতার করে।
গ্রেফতার ব্যক্তিরা হলেন- ধামইরহাটের আবাদপুর গ্রামের পলাশ সিং (২০) এবং একই গ্রামের বিজেট সিং (৪০)।
র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সিনিয়র সহকারী পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, বেশ কিছুদিন ধরেই আবাদপুর গ্রামে নিজ নিজ বাড়িতে পলাশ সিং এবং বিজেট সিং চোলাই মদ উৎপাদন করে বিভিন্ন এলাকায় ৫০ ও ১০০ টাকা করে ছোট ছোট বোতলে বিক্রি করে আসছিলেন। বৃহস্পতিবার সংবাদের ভিত্তিতে জানা যায়, অভিযুক্তরা বাড়িতে বিপুল পরিমাণ মদ মজুদ করেছেন।
র্যাব তথ্যের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার ইমদাদ হোসেনকে সাথে নিয়ে অভিযান চালায়। এ সময় নিজ নিজ বাড়িতে দুই হাজার ৭৯ লিটার চোলাই মদসহ পলাশ সিং ও বিজেট সিংকে আটক করা হয়।
পুলিশ সুপার রফিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা জানিয়েছেন- তারা বাড়িতে চোলাই মদ বানিয়ে তা নওগাঁ ও জয়পুরহাটের বিভিন্ন জায়গায় খুচরা ও পাইকারি বিক্রি করে আসছিলেন।
আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ধামইরহাট থানায় মামলা হয়েছে। তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার উদ্দিন ফারুকী জানান, অভিযুক্তদের শুক্রবার আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হয়েছে।