নওগাঁয় স্বামী-স্ত্রী পরিচয়ে বাসা ভাড়া নেয়ার কয়েক ঘণ্টা পরেই ওই বাসা থেকে স্বামীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন নিহতের স্ত্রী।
বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে শহরের বউবাজার এলাকার জুলেখা আক্তারের বাসায় এ ঘটনা ঘটে।
নিহত ওই ব্যক্তির নাম মিলন হোসেন (৩০)। তিনি শহরের কোমাইগাড়ি এলাকার আব্দুল মালেকের ছেলে।
স্থানীয়রা জানান, বুধবার দুপুরেই স্বামী-স্ত্রী পরিচয়ে জুলেখা আক্তারের বাসা ভাড়া নেন তারা। দুপুর থেকে তারা বাসা পরিষ্কার করছিলেন। সন্ধ্যার পর থেকে বাসায় তালা দেখতে পায় স্থানীয়রা। পরে রাত ১০টার দিকে জানালা দিয়ে মিলনের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন তারা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
নওগাঁ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়সালা বইন আহসান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
এদিকে, এ ঘটনার পর থেকে পলাতক স্ত্রীকে গ্রেপ্তারের চেষ্টা করা হচ্ছে বলেও জানান ওসি।