নওগাঁর মহাদেবপুরে এক কংক্রিটের খুঁটি ব্যবসায়ীকে মাথায় আঘাত করে হত্যার পর তার কাছে থাকা দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত এক ট্রাকচালক ও চালকের সহযোগীকে আটক করেছে পুলিশ।
রোববার দুপুর সাড়ে ১২টার দিকে আটককৃতদের দেওয়া তথ্যানুযায়ী উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের পাশে ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে থেকে নিহত ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত ব্যবসায়ী মো. মামুন মহাদেবপুর উপজেলার জবারমোড় এলাকার বাসিন্দা। আটকরা হলেন একই গ্রামের ট্রাকচালক সুমন হোসেন ও চালকের সহযোগী সজিব হোসেন।
পুলিশ ও স্থানীয়রা জানায়, শনিবার রাজশাহীতে এক ব্যবসায়ীর কাছে ট্রাকে করে মামুন কংক্রিটের খুঁটি (সিমেন্টের খুঁটি) বিক্রি করতে যান। খুঁটি বিক্রি করে মামুন দুই লাখ টাকাসহ আবারও ওই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে রাতের কোন একসময় ট্রাকচালক মামুনকে মাথার পেছনে ধারালো অস্ত্র দিয়ে জখম করে হত্যা করে। পরে মহাদেবপুর উপজেলার নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের ফয়েজ উদ্দিন হিমাগারের পাশে মরদেহ ফেলে রাখে।
ঘটনার পর থেকে নিখোঁজ মামুনের সন্ধানে পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য সুমন ও সজিবকে আটক করে। পরে তাদের দেয়া তথ্য মতে হিমাগারের পাশে জঙ্গলের মধ্যে প্রায় এক ঘণ্টা খোঁজাখুঁজি করে মরদেহ উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন জানান, ছিনতাইয়ের জন্যেই তাকে হত্যা করেছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে। মরদেহ উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।