চাঁপাইনবাবগঞ্জে তিন কেজি ৪২০ গ্রাম বিস্ফোরকসহ এক তরুণকে গ্রেপ্তার করেছে র্যাব-৫। র্যাবের দাবি নাশকতার উদ্দেশ্য নিয়ে এসব বিস্ফোরক মজুদ করছিল ওই তরুণ।
রোববার ভোররাত দুইটার দিকে জেলার সদর উপজেলার মহারাজপুর এলাকা থেকে বিস্ফোরকগুলো জব্দ ও ওই তরুণকে গ্রেপ্তার করা হয়। এসময় দুই কেজি কয়লাও সেখানে পাওয়া যায়।
গ্রেপ্তারকৃত তরুণ মো. ইসমাইল (২৫) ওই এলাকার বাগবাড়ীটোলা মহল্লার মফিজুল ইসলামের ছেলে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব জানায়, বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র্যাবের একটি দল সদর উপজেলার মহা-রাজপুর ইউনিয়নের বাগবাড়ীটোলা এলাকায় অভিযান চালিয়ে ইসমাইলের বাড়ির খাটের নিচ থেকে একটি বাজারের ব্যাগে বিস্ফোরক ও কয়লাসহ ইসমাইলকে গ্রেপ্তার করে।
র্যাব আরও জানায়, সাম্প্রতিক সময়ে অস্থির রাজনৈতিক পরিস্থিতিতে নাশকতা সৃষ্টির জন্যই ওই বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য সংরক্ষণ করে রাখা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে এ অভিযান চালানো হয়।
এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে বলেও বিজ্ঞপ্তিতে জানায় র্যাব।